ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্ঠরোগীদের জনবিচ্ছিন্ন করে রাখার বিধান সংবলিত শতবর্ষের পুরনো আইন বাতিল হয়েছে।
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর আনা ‘দি লেপারস (রিপিল) অ্যাক্ট বিল, ২০১১’ বৃহস্পতিবার সংসদে কণ্ঠভোটে পাস হয়।
এটি সংসদের গত প্রায় ৯ বছরে এবং নবম জাতীয় সংসদে প্রথম বেসরকারি বিল।
বিল পাসের পর অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী সরকারদলীয় সংসদ সদস্য সাবেরকে বলেন, “আপনি বিলটির জন্য অনেক পরিশ্রম করেছেন। অনেক ভালো কাজ করেছেন।”
সাবের চৌধুরী বলেন, মৌলিক মানবাধিকার, ব্যক্তি মর্যাদা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণের জন্য ‘দি লেপার্স এ্যাক্ট (বাতিল) আইন’ প্রস্তাব করা হয়েছে।
বেসরকারি বিল হিসেবে গত বছরের ৩ জুন সংসদে কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিলের প্রস্তাব রেখে বিলটি উত্থাপন করেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। বিলটি উত্থাপনের পর বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ১ জুলাই বিলটি পরীক্ষা নিরীক্ষা করে।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, “এই রোগটি ছোঁয়াচে বা সংক্রামক এবং নিরাময়যোগ্য নয় মনে করে রোগীকে জনবিচ্ছিন্ন করা হতো। ফলে আক্রান্ত রোগীকে অসহনীয় পরিস্থিতিতে দিনযাপন করতে হতো। এ সংক্রান্ত বিদ্যমান আইনের ফলে মানুষের মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে। মানসিক পীড়নের শিকার হচ্ছে অসংখ্য অসহায় মানুষ।
“অথচ বর্তমানে বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে এই রোগটি মোটেও সংক্রামক নয়। অন্য রোগের মতো এটিও একটি নিরাময়যোগ্য রোগ।”
সংসদে সর্বশেষ ২০০২ সালে চারদলীয় জোটের সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিকের আনা ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) বিল, ২০০২’ তা পাস হয়েছিল।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে বিগত আটটি সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত মোট ২৫৫টি বিল উত্থাপন করা হয়।
চলতি জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের পক্ষ থেকে ১২টি বিল উত্থাপন করা হলেও মাত্র একটি বিল পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩০৭ ঘ.
bdnews24