ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, টিপাইমুখ প্রকল্পে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে নয়া দিল্লি যে নিশ্চয়তা দিয়েছে তাতে ঢাকা ‘আশ্বস্ত’ হয়েছে।
একইসঙ্গে তিনি বলেন, “তবে প্রয়োজন হলে পানি সংক্রান্ত বিষয়গুলোর নিষ্পত্তিতে আন্তর্জাতিক আদালতে যাওয়া হতে পারে।”
দ্বিপক্ষীয় বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের দ্বারস্ত হবে না বলে বুধবার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের মন্তব্যের পরদিন [বৃহস্পতিবার] মন্ত্রণালয়েল সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
২০০৯ সালে ভারত সরকারের পাঠানো এক বার্তার উদ্ধৃতি দিয়ে দীপু মনি বলেন, “টিপাইমুখে বাঁধ হলেও পানি প্রত্যাহার হবে না। ফলে বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত হবে না।”
টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার ভারতের কাছে আরো তথ্য চেয়েছে বলেও জানান তিনি।
ভারত সরকারের শীর্ষ পর্যায় থেকে আবারো নিশ্চয়তা এসেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তবে প্রয়োজন হলে এবং আইনি সুযোগ থাকলে বিরোধ নিষ্পত্তির জন্য আমরা আন্তর্জাতিক আদালতের কাছে যাবো।”
টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের পদক্ষেপের বিস্তারিত তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “টিপাইমুখ প্রকল্প নিয়ে তারা যৌথ জরিপের প্রস্তাব করেছেন। খুব স্বল্প সময়ের মধ্যে এ জরিপ করা হবে বলে আমরা আশাবাদী।”
“এ প্রকল্পের ফলে বাংলাদেশের কোনো ক্ষতি হতে পারে- জরিপে এমন কোনো বিষয় বেরিয়ে আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে তাৎক্ষণিক পদক্ষেপগুলো কী হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
তাছাড়া এ বিষয় নিয়ে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নয়া দিল্লিতে পাঠানোর প্রস্তাব করেছেন বলেও জানান দীপু মণি।
তিনি বলেন, “উভয় পক্ষের মধ্যে আলোচনার পর প্রতিনিধি দল পাঠানোর তারিখ ঠিক করা হবে।”
বুধবার সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, এ বিষয়ে কথা বলতে নয়া দিল্লিতে বিশেষ দূত পাঠানো হবে।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বুধবার বলেছিলেন, “ভারতের সর্বোচ্চ মহল থেকে নিশ্চয়তা পাওয়া গেছে। আমরা তাই প্রত্যয়ী।”
টিপাইমুখ সমস্যার সমাধান দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সম্ভব বলে সেদিন মন্তব্য করেন তিনি।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শুক্রবার বিবিসি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা ওঠে। এরপর ব্যাখ্যা চেয়ে ঢাকার পক্ষ থেকে চিঠি পাঠানো হয় দিল্লিকে।
এ নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে সরকার।
অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, টিপাইমুখ বাঁধের বিষয়ে দেশের স্বার্থ রক্ষায় সরকার পুরোপুরি সচেতন।
সেদিন বিকেলেই বিএনপির পক্ষ থেকে বলা হয়, টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
ওই চিঠি নিয়ে বৃহস্পতিবার এক জনসভায় প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
বিরোধীদলীয় নেতার এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি বৃহস্পতিবার বলেন, “আমরা তার [খালেদা জিয়া] পদক্ষেপকে স্বাগত জানাই। কিন্তু এটা দুর্ভাগ্যজনক ও লজ্জার যে, ক্ষমতায় থাকাকালে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি।”
টিপাইমুখ বাঁধ নির্মাণের তোড়জোড়ের শুরু থেকেই বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিলো। পরিবেশবাদীরা বলছেন, বরাক নদীর ওপর এ প্রকল্পের বিরূপ প্রভাব পড়বে সিলেট তথা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে।
বরাক নদীই বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় বিভক্ত হয়। এ দুটি আবার এক হয়ে মেঘনা নদী নামে চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এনআইএইচ/এএইচ/পিডি/২২০৯ ঘ.
bdnews24