ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে এক লাখ ৭৪ হাজার ১৩৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে।
দ্বিতীয় দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রথম দিনের চেয়ে ৮৯৩ জন কমেছে। এদিন প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক লাখ ২৫ হাজার ৫৩৭ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৪৮ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।
প্রথম দিন প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক লাখ ২৪ হাজার ৭৩০ জন এবং ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৫০ হাজার ২৯৯ জন অনুপস্থিত ছিলো।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. ফসিহউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুর রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। তবে কোনো বিষয়ে অকৃতার্য শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে ওঠার সুযোগ পাবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ফল প্রকাশের আগে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
বুধবার গণিত পরীক্ষার মধ্য দিয়ে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার হয় বাংলা পরীক্ষা। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হবে ৩০ নভেম্বর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা সমাপনীতে রাজশাহী ও খুলনা বিভাগের দুই জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আর ইবতেদায়ীতে রংপুর ও খুলনা বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার মোট ২৬ লাখ ৩৭ হাজার ২২৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চার হাজার তিন জন শারীরিক প্রতিবন্ধী এবং রিচিং আউট অব চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় ঝরে পড়া ৪৫ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী রয়েছে।
সারাদেশে ছয় হাজার ১৬৮টি কেন্দ্রের পাশাপাশি বিদেশের আটটি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২১৪৫ ঘ.
bdnews24