২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিথিন উৎপাদন: চট্টগ্রামে দুই কারখানা বন্ধ

নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রাম নগরীর দুটি কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রাম নগরীর দুটি কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে কারখানা দুটির মালিককে আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটি হলো শহিদুল ইসলামের মালিকানাধীন জে এস এক্সেসরিজ লিমিটেড ও মাসুম বিল্লাহর মালিকানাধীন মাসুম অ্যাণ্ড কোম্পানি লিমিটেড। অভিযানে মোট ৪২ টন পলিথিন ও পলিথিন তৈরির বিভিন্ন ধরণের মোট ২৮টি মেশিন জব্দ করা হয়। উদ্ধারকৃত পলিথিন ও যন্ত্রপাতির মোট মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। বৃহস্পতিবার সকালে নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ পলিটেকনিক্যাল মোড় এলাকার কারখানা দুটিতে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে কারখানা দুটির মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মাঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব-৭ এর একটি দল সহায়তা করে। মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলিটেকনিক্যাল মোড় এলাকায় কারখানা দুটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন করছিল। অভিযানে কারখানা দুটির চার শ্রমিককে আটক করা হলেও তাদের কাছ থেকে ওই দুই কারখানায় আর কাজ না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি। অভিযানের সময় দুই কারখানার মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। সন্ধ্যায় দুই মালিককে কার্যালয়ে ডেকে পাঠান পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯৪৭ ঘ.