২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধান মুবীনকে ভারত সফরের আমন্ত্রণ

ভারতের সেনাবাহিনীর পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণে তৃতীয় বিদেশি হিসেবে এ আমন্ত্রণ পেলেন বাংলাদেশের সেনাপ্রধান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

নয়া দিল্লি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনীর পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণ করবেন সেনাপ্রধান জেনারেল মো. আব্দুল মুবীন। আগামী ২৯ নভেম্বর ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনের কাছে খড়কওয়াসলায় দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) এ প্যারেড হবে। এনডিএর ১২১তম ওই প্যারেডে সালাম গ্রহণ করতে বাংলাদেশের সেনাপ্রধানকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেনারেল মুবীন হবেন এনডিএ’র সদ্য পাস করা ক্যাডেটদের সালাম গ্রহণকারী তৃতীয় বিদেশি। এর আগে ১৯৫৬ সালে চীনের তৎকালীণ প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং ২০০৪ সালে নেপালের সেনাপ্রধান জেনারেল পি জে থাপা প্যারেডে সালাম গ্রহণ করেন। ভারতের সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং গত বছরের জুনে বাংলাদেশ সেনাবাহিনীর পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণের পর চলতি বছর একই ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন জেনারেল আব্দুল মুবীন। ছয় দিনের ভারত সফরে বাংলাদেশ সেনাপ্রধান এনডিএ পরির্দশন করবেন। রাজধানী নয়া দিল্লিতে তিনি ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে দেখা করবেন। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ছত্রীসেনাদের প্রশিক্ষণ কেন্দ্রও পরিদর্শন করবেন সেনাপ্রধান। কোলকাতায় ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তরও পরিদর্শন করার কথা তার। এনডিএ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল জিতেন্দর সিং স¤প্রতি পুনেতে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সেনাপ্রধানের এ সফর একাডেমির জন্য একটি ভালো ব্যাপার।” কিছুদিন ধরে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে ঢাকা ও নয়া দিল্লি। আগামী বছর বাংলাদেশ ও ভারত যৌথ সামরিক মহড়ায়ও অংশ নিতে পারে। বাংলাদেশে পাসিং আউট প্যারেডে ভারতীয় সেনাপ্রধানের সালাম গ্রহণের ঘটনাটিকে সেসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘রাজনৈতিক চাল’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছিল বিএনপি। গত বছরের জুনে পাঁচ দিন ঢাকা সফর করে যাওয়া বিজয় কুমার ১৯৭১ সালে একজন নবীন অফিসার হিসেবে মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে কেবল তিনিই এখন চাকরিরত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৫০ ঘ.