চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দোষকে অযথা কারাভোগ করানোর দায়ে চট্টগ্রাম আদালতের এক সেরেস্তাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিনিয়র সহকারী জেলা জজের সেরেস্তাদার সিরাজুল হক খানকে বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এক আদেশে সাময়িক বরখাস্ত করেন।
তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর মো. আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
উচ্চ আদালত থেকে এক আসামির খালাস পাওয়ার আদেশের নথি ১০ বছর ফেলে রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের তৎকালীন বেঞ্চ সহকারী সিরাজুল হককে এ শাস্তি দেওয়া হয়।
আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাতকানিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন জেল আপিল করলে ২০০১ সালে তাকে বেকসুর খালাস দেয় উচ্চ আদালত।
আদেশনামাটি চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসে পরের বছরের ২০ ফেব্র“য়ারি। আদেশটি নথিতে পড়ে থাকায় মুক্তি মেলেনি বন্দি আবুল হোসেনের।
১৯৯৭ সালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন। ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুলকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন।
এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করে বেকসুর খালাস পান।
এ বছরের ১৫ নভেম্বর ১০ বছর কারাভোগের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আবুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫০ ঘ.
bdnews24