২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অলির কুশপুতুল পুড়িয়েছে যুবলীগ

মহিলা সংসদ সদস্যদের কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় এলডিপি সভাপতি অলি আহমেদের কুশপুতুল পুড়িয়েছে চট্টগ্রাম যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা সংসদ সদস্যদের কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় এলডিপি সভাপতি অলি আহমেদের কুশপুতুল পুড়িয়েছে চট্টগ্রাম যুবলীগ। বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর যুবলীগ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশের পর এ কাজ করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি। অলির বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহসভাপতি সাবেতুর রহমান রুমেল, সুরথ কুমার চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা অলিতে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তা না হলে চন্দনাইশে অলির বাড়ি ঘেরাওয়ের হুমকিও দেন যুবলীগ নেতারা। গত ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি’র সমাবেশে অলি নারী সংসদ সদস্যদের নিয়ে একটি বক্তব্য রাখেন, যা কুরুচিকর দাবি করে বিভিন্ন মহল থেকে অলির সমালোচনা উঠেছে। অলি আহমেদের বিরুদ্ধে গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মানহানির একটি মামলাও হয়েছে। একইদিন সংসদেও বেশ কয়েকজন নারী সদস্য অলির সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৫৫ ঘ.