চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অস্বাভাবিক বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ১৯৯১ সালের আইন কার্যকর, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশন ও কর বিভাগের কঠোর নজরদারির দাবিও জানিয়েছে সংগঠনটি।
বুধবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের চট্টগ্রাম অঞ্চল ও মহানগর শাখার নেতারা এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, “নিত্যপণ্যসহ সব ধরণের পণ্যের দাম বেড়ে জীবনযাত্রার ব্যায় বাড়লেও আয় না বাড়ায় নগরবাসী যখন দিশেহারা তখন নতুন করে শুরু হয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধির বিড়ম্বনা।”
১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “নিয়ন্ত্রক, বাড়ি মালিক বা ভাড়াটিয়ার আবেদনের ভিত্তিতে কোনো বাড়ির মানসম্মত ভাড়া নির্ধারণ করবেন এবং এমনভাবে তা নির্ধারণ করবেন যেন তার বাৎসরিক পরিমাণ ওই বাড়ির বাজার মূল্যের ১৫ শতাংশ হয়।”
কিন্তু বাড়ির মালিকরা আইন অমান্য করে বিভিন্ন অজুহাতে ২০ থেকে ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি এবং ভাড়াটিয়াদের জিম্মি করে নানা কায়দায় বেশি ভাড়া আদায় হচ্ছে বলে অভিযোগ করেছে ক্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৮৫৭ ঘ.
bdnews24