২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ভাগ ঠেকাতে স্বাক্ষর সংগ্রহের পরামর্শ আকবর আলির

ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 08:04 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক মুক্ত আলোচনায় তিনি বলেন, “ঢাকাবাসী ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্তি চায় কিনা তা জানার জন্য পাড়ায় পাড়ায় স্বাক্ষর সংগ্রহ করা যেতে পারে। স্বাক্ষর সংগ্রহ শেষে আমরা জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে দেখা করে বিভক্তি রোধে তার হস্তক্ষেপ চাইতে পারি।” গত ১৭ অক্টোবর মন্ত্রিসভা ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করে। ওই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কর্পোরেশনের ৯২টি ওয়ার্ডের ৫৬টি নিয়ে দক্ষিণে এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে দুটি আলাদা কর্পোরেশন হওয়ার কথা। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ‘ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিলর ঐক্য পরিষদ’ বুধবার এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জানানো হয়, পরিষদের ১২০ জন সদস্য ৩০ নভেম্বর পর্যন্ত নিজ নিজ ওয়ার্ডে ঢাকা ভাগের বিরুদ্ধে প্রচার চালাবেন। এছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে শহীদ মিনারে অবস্থান নেবেন তারা। অনুষ্ঠানে আকবর আলি বলেন, “যদি এতে কাজ না হয় তবে আমাদের দায়িত্ব হবে অসাংবিধানিক এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া।” এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই সচিব বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। কিন্তু ঢাকাকে রক্ষা করতে আমাদের উচিৎ হবে সব দল-মতের বাইরে এসে ঐক্যবদ্ধ হওয়া।” আকবর আলির মতে, সরকারের এ সিদ্ধান্তে সাধারণ মানুষের বিড়ম্বনা বৃদ্ধি পাবে। দুটি সিটি কর্পোরেশন হলে জনগণকে দ্বিগুণ কর দিতে হবে। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম সরকারের কাছে প্রশ্ন রাখেন, “যেখানে একটি সিটি কর্পোরেশন সামলানোই মুশকিল সেখানে দুটি কীভাবে সামলাবেন।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, ঢাকাবাসীর উচিৎ হবে দল-মতের ঊর্ধ্বে থেকে ঢাকা রক্ষা আন্দোলনে সম্পৃক্ত হওয়া। ঢাকা সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর শামীম পারভেজ বলেন, “বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিলো- সে সময়ের জনসংখ্যা এবং এখনকার জনসংখ্যার মধ্যে পার্থক্য অনেক। তাই বলে বাংলাদেশে তো দুই জন প্রধানমন্ত্রী বানানো হয়নি। তাহলে ঢাকাকে কেন বিভক্ত করা হবে।” অন্যদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল আলীম, হাজী রফিকুল ইসলাম, রশিদুল ইসলাম, তাহমিদা জ্যোতি, রুহুল আলম জাহাঙ্গীর এ মুক্ত আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৩৫০ ঘ.