সাতক্ষীরা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা।
মঙ্গলবার রাতে শ্রমিকদের সঙ্গে জন প্রতিনিধিদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের বাড়িতে শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে সমঝোতা হওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বুধবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলবে।
এর আগে বিকাল ৪টার দিকে টার্মিনালে শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মর্তারা আলোচনায় বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়া সভা শেষ হয়।
সদর থানার ওসি আসলাম খানও বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতের জেরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে তিনদিন বাস চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা নিজেরাই যান চলাচল বন্ধ করে দেয় মঙ্গলবার দুপুরে।
এ সময় বাস-মিনিবাস শ্রমিকরা শহরে ভ্যান, নসিমন ও ইজিবাইকসহ অন্তত ২০টি যানবাহন ভাংচুর করেছে।
বিকালে সাতক্ষীরা জেলা বাস-মিনি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি জানান, গত ১৯ নভেম্বর বিকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের চিনেডাঙ্গা মোড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ভ্যান রাস্তার পাশে পড়ে একজন নিহত হয়।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে বাস চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ওইদিন সন্ধ্যাল আবার বাস চলাচল শুরু হয়। কিন্তু পরে এলাকাবাসী ওই সড়কে আবারো বাস চলাচল বন্ধ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24