ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি চার দলীয় জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর অব্যাহতি আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার আবেদনের ওপর আংশিক এবং লস্করে তৈয়েবা নেতা মজিদ ভাটের পূর্ণাঙ্গ শুনানি হয়।
পরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২৮ নভেম্বর আশরাফুলের অবশিষ্ট এবং বাকি আসামিদের শুনানির দিন রাখেন।
এদিন আশরাফুল হুদার পক্ষে শুনানি করেন টি এম আকবর, মজিদ ভাটের মোহাম্মদ আলী এবং পিন্টুর পক্ষে ছিলেন রকিবুল হাসান।
এর আগে ১৭ নভেম্বর পিন্টু নিজেই অব্যাহতি চেয়ে আদালতে শুনানি করেছিলেন। তার আইনজীবী রকিবুল হাসান তাকে শুনানিতে সাহায্য করেন।
পিন্টুর পক্ষে শুনানিতে বলা হয়, তাকে রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ এনে এ মামলায় জড়ানো হয়েছে। আশরাফুলের পক্ষে তার আইনজীবী বলেন, ঘটনার দিন তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মানবাধিকার সম্পর্কিত জাতিসংঘের একটি সেমিনারে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন।
এদিকে মঙ্গলবার আসামি শেখ ফরিদ এবং আ. মালেকের পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও তাদের আইনজীবীদেরকে শুনানির জন্য ডেকে পাওয়া যায়নি। এ ছাড়া বৃহস্পতিবার গোলাম মোহাম্মদের পক্ষে করা অব্যাহতি আবেদনের শুনানিও হয়নি।
২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় অভিযোগ গঠন থেকে আসামিদের অব্যাহতির আবেদন শুনানি চলছে নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে।
এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান বিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহিম এবং আরিফ হাসান সুমনের পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষ হয়।
আইনজীবী আকরাম উদ্দিন শ্যামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে মোট ১৩ আসামির অব্যাহতি আবেদনের পূর্ণাঙ্গ শুনানি এবং এক আসামির আংশিক শুনানি শেষ হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২২০৯ ঘ.
bdnews24