চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ শুরু হবে। প্রতিদিন এ ক্ষেত্রে থেকে চট্টগ্রামে ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া যাবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে সফলভাবে হাইড্রোস্ট্যাটিক টেস্ট সম্পন্ন হয়েছে। সরবরাহ লাইনের কোথাও কোনো ত্র“টি পাওয়া যায়নি। বাপেক্সকেও (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বিষয়টি জানানো হয়েছে।
“আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে বাপেক্স আমাদের জানিয়েছে”, বলেন তিনি।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, সেমুতাং থেকে যে গ্যাস পাওয়া যাবে তার পুরোটাই চট্টগ্রামে সরবরাহ করা হবে।
সেমুতাং গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. শহিদুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কূপে দৈনিক ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এ ক্ষেত্রে মোট ১৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে।
এ মজুদ থেকে প্রায় ২০ বছর গ্যাস উত্তোলন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
শহিদুজ্জামান খান বলেন, “বাপেক্স পুরোপুরি প্রস্তুত। কেজিডিসিএল তাদের প্রস্তুতি শেষ করলেই গ্যাস সরবরাহ করা হবে।”
চলতি বছরের ১২ মে সেমুতাং থেকে চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ফৌজি ফ্লাওয়ার মিল পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সরবরাহ লাইন নির্মাণের কাজ শুরু করে কেজিডিসিএল কর্তৃপক্ষ।
১৯৬৭ সালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাংয়ে এই গ্যাসক্ষেত্র আবিস্কারের পর তৎকালীন ‘পাকিস্তান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি’ চারটি কূপ খনন করে। পরে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এরপর ১৯৯৭ সালে ‘কেয়ার্ন’ পঞ্চম কূপটি খনন করে। কিন্তু গ্যাস উত্তোলন লাভজনক হবে না বিবেচনায় তারা কাজ বন্ধ করে চলে যায়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে সেমুতাংয়ের ৫ নম্বর কূপটি সংস্কারের পরিকল্পনা করা হয়। ২০০৮ সালের ২২ মে একনেকের বৈঠকে এ প্রকল্পের জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব অনুমোদন করা হয়।
শহিদুজ্জামান খান জানান, পাঁচটি কূপের মধ্যে ৫ নম্বর কূপ থেকেই গ্যাস উত্তোলন করা হবে। বাকি কূপগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় সেখান থেকে গ্যাস পাওয়া সম্ভব নয়। তবে ২০১২ সালে আরেকটি কূপ খননের পরিকল্পনা আছে।
সরকারি হিসেবে সারাদেশে ২৫০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে ২০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে।
কেজিডিসিএলের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৪০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২২ কোটি ৫০ লাখ ঘনফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/১৫০৩ ঘ.
bdnews24