২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী বলায় সাংসদ মোমেনের বিরুদ্ধে মামলা

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় সাংসদ ও আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় সাংসদ ও আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের ঢাকা মহানগর আইন সম্পাদক মাহাবুব হোসেন রানা মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। দুপুর ১২টার পর আদালত এ বিষয়ে শুনানি করবে। মামলার আরজিতে বলা হয়, টাঙ্গাইলের সখীপুরের সাংসদ এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন গত ১৬ নভেম্বর সখীপুরে এক জনসভায় কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলেন। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে আরজিতে বলা হয়, “শাহজাহান ওই সভায় বলেছেন, যারা মুক্তিযুদ্ধের সময় লুণ্ঠন, ডাকাতি, ধর্ষণ ও মানুষ খুন করেছে তারাই যুদ্ধাপরাধী। যেহেতু কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল সোনালি ব্যাংক থেকে ১৯ লাখ টাকা লুণ্ঠন করেছেন এবং যুদ্ধের সময় নিরপরাধ লোককে হত্যা করেছেন, সেজন্য তার বিচার হওয়া উচিৎ।” ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে সাহসী ভূমিকার জন্য বাঘা সিদ্দিকী হিসাবে পরিচিতি পান কাদের সিদ্দিকী। তার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের বাহিনী পরিচিতি পায় কাদেরিয়া বাহিনী হিসাবে। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশ সরকার কাদের সিদ্দিকীকে বীরোত্তম খেতাবে ভূষিত করে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানানোর কারণে ১৬ বছর নির্বাসিত জীবন কাটান সাবেক এই আওয়ামী লীগ নেতা। বাদী আরজিতে বলেছেন, “কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলে গোটা জাতি তথা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে আসামি শাহজাহান। বাদীর আইনজীবী আমিুল গণী টিটিা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরেই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১১৪৭ ঘ.