২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়াইজ’ অ্যাওয়ার্ড পেল বিবিসি জানালা

‘নতুন’ পদ্ধতিতে ইংরেজি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন (ওয়াইজ) পুরস্কার পেয়েছে ‘বিবিসি জানালা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নতুন’ পদ্ধতিতে ইংরেজি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন (ওয়াইজ) পুরস্কার পেয়েছে ‘বিবিসি জানালা’। শিক্ষা, বিজ্ঞান ও সমাজ উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সাল থেকে কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। কাতারের রানী ও কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোযা বিনতে নাসেরের সহায়তায় এই পুরস্কার চালু হয়। সোমবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মোবাইল, টেলিভিশন, সংবাদপত্র, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে নতুন ধারায় শিক্ষাপদ্ধতি প্রকাশের মাধ্যমে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব সৃষ্টির স্বীকৃতি হিসেবে ‘বিবিসি জানালা’কে এই পুরস্কার দেওয়া হয়েছে।” এ বছর মোট ছয়টি উদ্যোগকে এ পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের আড়াই কোটি মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্যে ‘বিবিসি জানালা’ পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আওতাভুক্ত ইউকেএইড-এর অর্থায়নে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় চলছে এ কার্যক্রম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২০৯ ঘ.