ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ও গুলি রাখায় তিন জনকে ২৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. আব্দুল মালেক, মো. জামাল ও মো. জুয়েল।
এদের মধ্যে প্রথম দুজন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা বউবাজার এলাকার বাসিন্দা। তৃতীয় জন রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম জুরাইন তুলাবাগিচা এলাকায় থাকতেন।
ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন আদালতে সোমবার এই রায় দেন।
এদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই সহ আরো মামলা রয়েছে বলে মামলা সূত্রে জানা যায়।
মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর দুপুরে রাজধানীর পশ্চিম জুরাইন কাঁচাবাজার সংলগ্ন রেললাইনের পাশে মামলার বাদি জুরাইন রেলগেট বাজারের সবজী ব্যবসায়ী মো. বাবুল মিয়া ও তার দুই বন্ধু গল্প করছিলেন। আসামিরা তখন বাদিকে গালাগাল করে। বাদি এর প্রতিবাদ করলে এক আসামি অস্ত্র বের করে বলে, বেশি বাড়াবাড়ি করলে গুলি করে দেব।
তখন বাদি ও তার বন্ধুরা মিলে আসামিকে জাপটে ধরলে অস্ত্র ফেলে আসামিরা ছুটে পালিয়ে যায়- বলা হয় মামলার বিবরণে।
ওই ঘটনায় মো. বাবুল বাদি হয়ে চার জনকে আসামি করে শ্যামপুর থানায় একটি মামলা করেন।
২০১০ সালের ১৩ মার্চ পুলিশ তিন জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।
মামলার বিচারে রাষ্ট্রপক্ষে নয় জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24