ঝালকাঠী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন হয়নি।
সোমবার র্যাবের করা এই মামলায় ঝালকাঠীর আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
ঝালকাঠী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. সিদ্দুকুল আরেফিন চৌধুরী অভিযোগ গঠন না করে আগামী বছরের (২০১২ সাল) ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
লিমনের আইনজীবী আক্কাস সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় পৃথক অভিযোগপত্রভুক্ত আরো সাত আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন পুলিশ এখনো জমা না দেওয়ায় অভিযোগ গঠন করা হয়নি।
এদিকে মামলাটি থেকে লিমনকে অব্যহতি দেওয়ার জন্য তার আইনজীবীর আবেদনের শুনানিও একই ধার্য তারিখে হবে। গত ৩ জুলাই আবেদনটি করা হয়েছিল বলে আক্কাস সিকদার জানান।
লিমনের আরেক আইনজীবী মানিক আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত আসামি পলাতক থাকায় গত ৩ জুলাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে সে বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশকে নির্দেশ দেয়।
গত ২৩ মার্চ সন্ধ্যায় ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কলেজছাত্র লিমন হোসেন পা হারান। এ ঘটনায় র্যাব বাদী হয়ে লিমনসহ আটজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও অস্ত্র আইনে দু’টি মামলা করে।
২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে লিমন এখন গ্রামের বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24