২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর

প্রথম দফার পরীক্ষায় প্রশ্নপত্রে ‘অসঙ্গতি’ থাকায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী ৯ ডিসেম্বর আবারো ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দফার পরীক্ষায় প্রশ্নপত্রে ‘অসঙ্গতি’ থাকায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী ৯ ডিসেম্বর আবারো ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফল প্রকাশ করা হয় ৩১ অক্টোবর। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। প্রথম ফলে দুই হাজার ৭২৭ জন উত্তীর্ণ হলেও পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ছয় হাজার ৯৪ জন। উপাচার্য বলেন, “প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফল পুনর্মূল্যায়ন করা হয়। এরপরও আরো বিপুল পরিমাণ পুনমূর্ল্যায়ন আবেদন আসায় নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” ৯ ডিসেম্বরের পরীক্ষায় অংশ নিতে নতুন করে কোনো ফরম পূরণ বা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না বলে জানান তিনি। তিনি বলেন, কারো প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি(.িফঁ.ধপ.নফ) থেকে প্রবেশপত্র আবার ডাউনলোড করে নিতে পারবে। গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ‘গ’ ইউনিটের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ‘গ’ ইউনিটের প্রশ্নে সাত থেকে আটটি ভুল চিহ্নিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৪২০ ঘ.