গাইবান্ধা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ১০ জন 'ভুয়া' পরীক্ষার্থী ও দুইজন শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার হিংগারপাড়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলো লুৎফর রহমান, রোজিনা খাতুন, মুন্নি খাতুন, শিমু খাতুন, জান্নাতি খাতুন, মৌঁ খাতুন, সুমাইয়া আক্তার, রোজি খাতুন, বর্ণিতা আক্তার ও আদুরী খাতুন।
শিক্ষকরা হলেন উত্তর ফরিদুপর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক মোস্তাফিজার রহমান ও গোবিন্দরায় দেবত্তর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহানুর ইসলাম।
কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, উত্তর ফরিদুপর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ও গোবিন্দরায় দেবত্তর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী চলতি জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা বহিরাগত শিক্ষার্থীদের এনে বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করান।
তিনি আরো জানান, রোববার গণিত পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা গোপন সংবাদ পেয়ে ওই ১০ ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করেন। পরে তাদের বহিষ্কার করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক দুইজনকেও আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব আমিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24