ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য ভারতের জবাবের অপেক্ষায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সোমবার এ বিষয়ে নয়া দিল্লির বক্তব্য আশা করছে ঢাকা।
এর আগের দিন দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিপাইমুখ বাঁধ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে তাদের (দিল্লি) সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চেয়েছি।"
এ বিষয়ে ঢাকা উদ্বেগ জানিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "তার জন্যও তো আমাদের তথ্য দরকার। তাদের সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার তারা এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবে।"
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে মণিপুর রাজ্য সরকার।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ অক্টোবর নয়া দিল্লি¬তে ভারতের জাতীয় জলবিদ্যুৎ নিগম- এনএইচপিসি, রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা এসজেভিএন এবং মণিপুর সরকারের মধ্যে এই চুক্তি হয়।
এ বাঁধ নির্মাণে চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকে বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।
এমনকি মনিপুর রাজ্যেও পরিবেশবাদী সংগঠনগুলো কয়েক বছর ধরে এ প্রকল্পের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। এ পরিকল্পনা বাতিলের জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২২৫১ ঘ.
bdnews24