ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষে হাতাহাতিতে জড়িয়েছেন কর্মচারীদের দুটি সংগঠনের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুসুর রহমানের কক্ষে রোববার এ ঘটনা ঘটেছে।
তবে ইউনুসুর রহমান বলেছেন, দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিলো, হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।
তিনি সাংবাদিকদের বলেন, "কর্মচারীদের দু'পক্ষই নিজেদের দাবি-দাওয়া নিয়ে এসেছিলো। এক পক্ষের সঙ্গে তাদের দাবি নিয়ে কথা বলার সময় অন্য পক্ষ কক্ষে ঢোকে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষণিক হস্তক্ষেপে একপক্ষ বেরিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।"
সচিবালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরের ৮ মে সচিবালয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাবি-দাওয়া সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় স্টেনো টাইপিস্টদের ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতির কোটা ৫০ থেকে ৮০ শতাংশে উন্নীত করা এবং ওই পদে পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়া গেলে স্টেনো টাইপিস্টদের দিয়ে সব পদ পূরণের সিদ্ধান্ত হয়।
কর্মচারীদের বিভিন্ন দল এর পক্ষে ও বিপক্ষে দাবি-দাওয়া জানায়। রোববার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কমিটির নিয়মিত বৈঠক ছিলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বিষয়টি সুরাহার দায়িত্বে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ নিয়ে আলোচনার জন্য রোববার সকালে কর্মচারীদের দুই পক্ষই অতিরিক্ত সচিব ইউনুসুর রহমানের কক্ষে যান।
স্টেনো টাইপিস্ট কাম অপারেটর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম ও সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়ার নেতৃত্বে একদল কর্মচারী প্রথমে অতিরিক্ত সচিবের কক্ষে গিয়ে সংশোধনীর পক্ষে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা শুরু করেন।
খবর পেয়ে সচিবালয় অফিস সহকারী সমিতির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে অন্য এক দল কর্মচারী সেখানে প্রতিবাদ জানাতে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "এ সময় স্টেনো টাইপিস্ট সমিতির কর্মীরা উত্তেজিত হয়ে হইচই শুরু করেন। একপর্যায়ে তারা অন্যপক্ষের কর্মীদের বের দেওয়ার জন্য ধাওয়া করেন। এ সময় স্টেনো টাইপিস্ট সমিতির কর্মীদের হাতে অফিস সহকারী সমিতির সভাপতি মোজাম্মেল হক লাঞ্ছিত হন।"
অতিরিক্ত সচিবের তাৎক্ষণিক হস্তক্ষেপে উভয়পক্ষকে থামানো হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এমআই/২১০০ ঘ.
bdnews24