২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, একাত্তরের ভূমিকার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, একাত্তরের ভূমিকার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার আফরাসিয়াব মেহদী হাশমী রোববার মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। আটকেপড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া এবং স্বাধীনতার পর বাংলাদেশের প্রাপ্য সম্পদ ও যুদ্ধের ক্ষতিপূরণসহ বিভিন্ন সমস্যার সমাধানের কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "এসব গুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত সমাধান বাংলাদেশ ও পাকিস্তানের বর্তমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেবে এবং বৃহত্তর পরিসরে সহযোগিতার দ্বার উন্মোচনে সহায়তা করবে।" এ সময় পাকিস্তানের নতুন হাই কমিশনারকে বাংলাদেশে তার দায়িত্ব পালনে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দেন পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া উন্নত করতে সাধারণ নাগরিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- নতুন এ হাই কমিশনারের এ বক্তব্যকে স্বাগত জানান দীপু মনি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, সামাজিক, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ককে আরো জোরদার করার সুযোগ রয়েছে বলে তারা একমত হন। স¤প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন দীপু মনি। পাকিস্তানের হাই কমিশনার বলেন, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আন্তরিক সম্পর্ক বিরাজমান। শিক্ষা বৃত্তি এবং খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশের প্রতি পাকিস্তানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ইইউ প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের বাজারে পাকিস্তানি পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে দীপু মনি বলেন, বাংলাদেশ আরো বেশি প্রাকৃতিক দুর্যোগের শিকার হলেও পাকিস্তানের বন্যা দুর্গতদের প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে। কোনো দেশকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি সবার আগে বিবেচনায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে অন্যদের সিদ্ধান্ত থেকে নয়, বরং প্রস্তাবের বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) এ বিষয়ে এখনো আলোচনা চলছে এবং বাংলাদেশ এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থেকে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। যৌথ অর্থনৈতিক কমিশন স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের হাই কমিশনার। এ বৈঠক অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই বাংলাদেশের কাছে সুবিধাজনক সময় জানতে চেয়েছে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ বৈঠকের জন্য বাণিজ্যমন্ত্রী ইসলামাবাদ সফর করবেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তা নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২১৩৫ ঘ.