বরগুনা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরে হাতের কব্জি কেটে নিয়েছে গ্রামবাসী, কেটে দেওয়া হয়েছে তার দুই পায়ের রগও।
শনিবার রাতে সদর উপজেলার বধু ঠাকুরানী গ্রামে এ ঘটনা ঘটে। নৃশংসতার শিকার ব্যক্তির নাম আব্দুল করিম। তার বাড়ি একই উপজেলার গুদিঘাটা গ্রামে।
বরগুনা সদর থানার উপ-পরিদর্শক বশির আলম সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে বধূ ঠাকুরানী গ্রামের আবদুল গনি বেপারীর ঘরে সিঁদ কেটে চোর ঢুকে। তখন জনতা করিমকে ধরে ফেলে, তবে তার সঙ্গী খলিলুর রহমান পালিয়ে যায়।
গণপিটুনির পরে হাত-পা কাটা অবস্থায় রাত ১১টার দিকে করিমকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে তিনি জানান।
বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির জানান, রোববার সকালে গনি বেপারী বাদি হয়ে চোরের বিরুদ্ধে মামলা করেছেন।
ওসি আরো জানান, রাতেই পুলিশ করিমকে মুমূর্ষু অবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24