২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অবৈধদের পাসপোর্ট নিতে হবে ১০ জানুয়ারির মধ্যে

হাতের আঙ্গুলের ছাপসহ (বায়োমেট্রিক) নিবন্ধিত মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিদের স্থানীয় দূতাবাসে আবেদন করে আগামী ১০ জানুয়ারির মধ্যে পাসপোর্ট নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ ((বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতের আঙ্গুলের ছাপসহ (বায়োমেট্রিক) নিবন্ধিত মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিদের স্থানীয় দূতাবাসে আবেদন করে আগামী ১০ জানুয়ারির মধ্যে পাসপোর্ট নিতে হবে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মন্টু কুমার বিশ্বাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার রোববার সাংবাদিকদের জানান, '৬পি-প্রোগ্রামে'র অধীনে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার জন্য পাসর্পোট দেওয়ার কাজ শুরু হয়েছে। গত ১০ অক্টোবর শুরু হয়। ওই দেশের সরকারের দেওয়া সময় অনুযায়ী, আগামী ১০ জানুয়ারির মধ্যে সব কর্মীকেই তাদের বৈধ পাসপোর্ট নিতে হবে। ওই সময়ের মধ্যে মধ্যে পাসপোর্ট নিয়ে এ সব বাংলাদেশিকে বৈধতার জন্য আবেদন করতে হবে। এখনো পাসপোর্টের জন্য আবেদন না করার বাংলাদেশি কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগ অনুযায়ী '৬পি-প্রোগ্রামে'র আওতায় গত ১ আগস্ট থেকে দেশটিতে থাকা বাংলাদেশি অবৈধ কর্মীদের হাতের আঙ্গুলের ছাপসহ নিবন্ধন শুরু হয়। ৩১ আগস্ট নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। এতে ২ লাখ ৬৭ হাজার ৮০৩ বাংলাদেশি কর্মী নাম নিবন্ধন করেন। এদের মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৬২২ জনের পাসপোর্ট নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত সাড়ে ৬৫ হাজার শ্রমিক নতুন পাসপোর্ট পেয়েছেন। বাকিরা এখনো তা পাননি। অন্যদিকে ওই সময়ের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৬২২ বাংলাদেশি শ্রমিক পাসপোর্টের জন্য আবেদনই করেনি। দ্রুততম সময়ের মধ্যে আবেদনের মাধ্যমে পাসপোর্ট নিতে এসব কর্মীকে সচেতন করে তোলার জন্য সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০৬ ঘ.