ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচ এম এরশাদের শাসনামলে সামরিক আদালতে এক ব্যক্তির সাজা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রুল দেয়।
আদালত একইসঙ্গে সাজার প্রেক্ষিতে আনন্দ কান্তি সরকার নামে ওই ব্যক্তির চাকরিচ্যুতি কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চায়।
অর্থ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, সোনালী ব্যাংকের চেয়াম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় মামলা বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারকে আগামী দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
রিট আবেদনকারী চাকরিচ্যুৎ ব্যাংক কর্মকর্তা আনন্দের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরশাদের সামরিক শাসন যেহেতু আদালত অবৈধ ঘোষণা করেছে। তাই ওই আমলে সামরিক আদালতে দেওয়া সব সাজাও অবৈধ।
তিনি বলেন, "এ কারণে গত বৃহস্পতিবার আমার মক্কেল এই রিট আবেদনটি দায়ের করেছেন।"
মনজিল মোরসেদ জানান, অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৮৫ সালে সোনালী ব্যাংকের মিরপুর ব্রাঞ্চ-১ এর ব্যবস্থাপক আনন্দ কান্তি সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে মামলাটি সামরিক আদালতে স্থানান্তর হয়।
১৯৮৬ সালের ১৩ ফেব্র"য়ারি বিশেষ সামরিক আদালত-৭ এক রায়ে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই সাজার প্রেক্ষিতে পরের বছরের ২১ জুলাই ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।
সাত বছর কারাভোগের পর রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণায় মুক্তি পান আনন্দ কান্তি।
গত ১৫ মে এক রায়ে সংবিধানের সপ্তম সংশোধনী নিয়ে হাই কোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
এতে এরশাদের শাসনামলের ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারি করা সব সামরিক ফরমান, আদেশ অবৈধ ঘোষণা করা হয়।
সেই সঙ্গে এ বিষয়ে রিট আবেদনকারী সিদ্দিক আহমেদকে সামরিক আদালতে দেওয়া সাজাও বাতিল করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৪৪৯ ঘ.
bdnews24