নয়া দিল্লি প্রতিনিধি
নয়া দিল্লি, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা এবং দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব আলোচনা শুরু করেছেন।
শনিবার নয়া দিল্লিতে স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন ও ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিংয়ের নেতৃত্বে দুদেশের সচিব পর্যায়ের ১২তম বৈঠক শুরু হয়। রোববার দুইদিনের এ বৈঠক শেষ হবে।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম ও পররাষ্ট্রমন্ত্রী রঞ্জন মাথাইয়ের সঙ্গে দেখা করেন মঞ্জুর। সচিব পর্যায়ের এ বৈঠকের প্রস্তুতির জন্য নিরাপত্তা বিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্র"পও সেদিন বৈঠকে বসে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এ বৈঠকের আলোচ্যসূচিতে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধিতে দুদেশের পুলিশের মধ্যে সহযোগিতা ও প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে দণ্ডিত আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিনকে খুঁজে বের করতে ভারতের সহায়তা চাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কয়েকজন সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে তার ধানমণ্ডির বাসভবনে সপরিবারে হত্যা করে।
তখন থেকে মাজেদ ও মোসলেহউদ্দিন পলাতক আছেন।
বঙ্গবন্ধুর এই দুই খুনি ভারতে পালিয়ে থাকতে পারে এবং তাদের খুঁজে বের করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরে ভারত সম্ভাব্য সব পদক্ষেপ নেবে বলে গত জুলাইয়ে ঢাকা সফরে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুদেশে পালিয়ে থাকতে পারে- এমন সন্দেহভাজন ফেরারিদের তালিকা শুক্রবার বিনিময় করেছে বাংলাদেশ ও ভারত।
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িতদের খুঁজে বের করার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হতে পারে বৈঠকে। ওই হামলায় ২৩ জন নিহত ও অনেকে আহত হয়।
তৎকালীন বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই হামলায় আহত হন। হামলায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান নিহত হন।
ভারতের সরকারি কর্মকর্তারা বলেন, সচিব পর্যায়ের এ বৈঠকে অপরাধ বিষয়ক পারস্পরিক আইনি সহায়তা চুক্তি বাস্তবায়নের বিষয়টিও মূল্যায়ন করা হবে।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় দুদেশের মধ্যে দণ্ডিতদের হস্তান্তর ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী লড়াই, সংগঠিত অপরাধ বিষয়ক কর্মকাণ্ড ও মাদক চোরাচালান রোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি স্বাক্ষর হয়।
গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুদেশের সীমান্ত বিতর্ক নিরসনে স্বাক্ষরিত প্রটোকল অনুসমর্থনের বিষয়েও আলোচনা হবে সচিব পর্যায়ের বৈঠকে। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় প্রটোকলটি সই হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উভয় দেশের উগ্রপন্থী সংগঠনগুলোর বিষয়ে নয়া দিল্লির উদ্বেগ তুলে ধরবেন আর কে সিং।
গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্টের সামনে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশের মেডিক্যাল কলেজে অধ্যয়নরত কাশ্মীরী যুবক গ্রেপ্তার হওয়ার পর এ বিষয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়েও আলোচনা হবে। ১৯৯৭ সালে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশে কারাবন্দি রয়েছেন তিনি।
বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগিতার আওতায় এর আগে ২০০৯ ও ২০১০ সালে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মণিপুরের বিচ্ছিন্নতবাদী সংগঠনের কয়েক নেতাকে ভারতের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার হেফাজতে তুলে দেয় বাংলাদেশ। এজন্য আন্তর্জাতিক ফোরামেও ঢাকার প্রশংসা করেছে নয়া দিল্লি।
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ ও তার দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতাকে একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২১৪৮ ঘ.
bdnews24