ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাসের ধাক্কায় এক রিকশাচালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে কোহিনুর কেমিকেল ইন্ডাস্ট্রিজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সুমন (২৭) ও মো. রেজাউল (৩৫)।
পুলিশ কর্মকর্তা মামুন জানান, প্রভাতী পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাওয়ার পথে একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালক রেজাউল ঘটনাস্থলেই মারা যান।
সুমন, জাকির হোসেন ও আলতাফ নামের তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৮ টার দিকে মারা যান সুমন।
আহত জাকির ও আলতাফ ওই রিকশার যাত্রী ছিলেন কি না- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মামুন জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১২৩ ঘ.
bdnews24