২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন সরকারকে গ্রেপ্তারের বিষয়ে জানেন না আইজি

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তারের বিষয়ে কিছু জানেন না পুলিশ মহাপরিদর্শক (আইজি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তারের বিষয়ে কিছু জানেন না পুলিশ মহাপরিদর্শক (আইজি)। লোকমানের ছোট ভাই ও মামলার বাদী কামরুজ্জামান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিন সরকারকে বৃহস্পতিবার নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছেন তিনি। কিন্তু নরসিংদী ও নোয়াখালীর পুলিশ বিষয়টি অস্বীকার করলে দিনভর গুঞ্জন চলে। এ নিয়ে শুক্রবার সংবাদপত্রগুলো প্রতিবেদনও প্রকাশ করে। শুক্রবার সকালে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিন সরকারকে গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই। তার বৃহস্পতিবারই তিনি এ বিষয়ে সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছেন। ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।" নোয়াখালীতে মতিন সরকারের গ্রেপ্তার হওয়ার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে মামুন বলেন, "তাদের সঙ্গেও কথা হয়েছে, কিন্তু তারাও গ্রেপ্তার করেনি বলে জানিয়েছে।" ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাহবুবুর রহমান জানান, তারাও এ মামলা নিয়ে কাজ করছেন। তবে মতিন সরকারকে তারা গ্রেপ্তার করেননি। অবশ্য পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের বাইরেও সরকারের একটি গোয়েন্দা সংস্থা লোকমান হত্যার ব্যাপারে কাজ করছে। তারা মতিন সরকারকে গ্রেপ্তার করে থাকতে পারে। গত ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর তার ভাই কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তাতে প্রধান আসামি করা হয়েছে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন বাচ্চুকে। মামলার ১৪ আসামির অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। আসামির তালিকায় মতিন সরকারকে রাখা হয়েছে দুই নম্বরে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন নরসিংদী শহর যুবলীগ সভাপতি আশরাফুল সরকার, সেলিম ও মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কা। এদের মধ্যে আশরাফুল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকারের ছোট ভাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৩০৪ ঘ.