চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় আগুনে ১৮টি বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরে আটকা পড়ে মারা গেছে এক শিশু।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন দক্ষিণ কাট্টলী এলাকায় এ দুুর্ঘটনা ঘটে।
রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহত শিশুর নাম শারমিন আক্তার (৫)। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার আবদুস সাত্তারের কন্যা। তারা দক্ষিণ কাট্টলী এলাকার স্থায়ী বাসিন্দা।
পাহাড়তলী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগুনে ১৮টি বসতঘর পুুড়ে গেছে। বাসনা চৌধুরী নামে এক জনের ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘরে আটকা পড়ে ওই শিশুর মৃত্যু হয় বলেও জানান তিনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী জানান, ফায়ার সার্ভসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১০০৬ ঘ.
bdnews24