মৌলভীবাজার, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীকে তার বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের আসবাবপত্র ব্যবসায়ী হাসমত আলী (৪৮) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, বাড়ির পুকুর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হাসমতকে কুপিয়ে হত্যা করে।
রহমতকে বাঁচাতে গিয়ে আহত তার স্ত্রী আয়েশা বেগম (৩৫)কে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহত হাসমতের মা খোদেজা বিবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুকুর নিয়ে প্রতিবেশীর সঙ্গে তার ছেলের মামলা চলছিলো। বুধবার সকালে হাসমত মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে।
"রহমত, তার ছেলে লাল মিয়া ও ভাতিজা সফর আলী পেছন দিক থেকে দা দিয়ে হাসমতের মাথা ও ঘাড়ে কোপাতে থাকে। হাসমত মাটিতে লুটিয়ে পড়লে রহিমের ভাই সামছু, রইছ, নুর আলী ও কাদির তার দু'পায়ে কোপাতে থাকে।"
নিহতের মাথা, ঘাড় ও দু'পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।
নিহতের স্ত্রী আয়েশা একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২১৫১ ঘ.
bdnews24