চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ের আবু তোরাবে ট্রাক উল্টে ৪৪ স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই দিনে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা বিচার বিভাগীয় হাকিম আদালতে এ মামলার ছয় সাক্ষী সাক্ষ্য দেন। বুধবার একই আদালতে ১২ জন সাক্ষ্য দেন।
চট্টগ্রাম জেলা পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলায় সাক্ষীর সংখ্যা ৩০ জন।
আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আদালত রেখেছেন বলে জানান তিনি।
দুর্ঘটনায় বেঁেচ যাওয়া স্কুলছাত্ররা সাক্ষ্য দিতে এসে ওই দিনের ঘটনার বর্ণনা দেন।
গত জুলাই মাসে মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী এলাকায় একটি ছোট ট্রাক উল্টে পাশের ডোবায় পড়ে গেলে এর আরোহী ৪৪ স্কুলছাত্র মারা যায়।
এই ঘটনায় মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাদি হয়ে ট্রাকচালক মফিজ উদ্দিনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন।
গত ২১ জুলাই বরিশাল থেকে ট্রাকচালক মফিজকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১১০ ঘ.
bdnews24