২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব সেজে পাত্রী চাই বিজ্ঞাপন, ধরা পড়ে জেলে

নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পরিচয় দিয়ে পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপনের মাধ্যমে পাঁচটি বিয়ে করেছিলেন হাফিজুর রহমান জাহিদ। চলছিলোও বেশ, হঠাৎ র‌্যাবের হাতে ধরা পড়ে এখন দুই বছরের জেল খাটতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পরিচয় দিয়ে পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপনের মাধ্যমে পাঁচটি বিয়ে করেছিলেন হাফিজুর রহমান জাহিদ। চলছিলোও বেশ, হঠাৎ র‌্যাবের হাতে ধরা পড়ে এখন দুই বছরের জেল খাটতে হচ্ছে তাকে। জাহিদকে (৪০) রোববার রাত ১২টার দিকে রাজধানীর পশ্চিম রাজাবাজার থেকে একটি টয়োটা গাড়িসহ গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ঘুরতেন তিনি। জাহিদ ধরা পড়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে শুরু করে বলে সাংবাদিকদের জানান র‌্যাব কর্মকর্তা মেজর সাইফুল করিম সাইফ। বৃহস্পতিবার আগারগাঁওয়ে র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাহিদকে হাজির করে তার প্রতারণার বিভিন্ন তথ্য তুলে ধরে র‌্যাব। সেখানে ছিলেন প্রতারিত কয়েক জনও। সংবাদ সম্মেলনে র‌্যাবের হাকিম এইচ এম আনোয়ার পাশা বলেন, বিজ্ঞাপন দিয়ে প্রতারণার জন্য জাহিদকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণার অভিযোগে জাহিদের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা হচ্ছে বলে জানান তিনি। জাহিদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। সাইফ বলেন, নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে 'পাত্রী চাই' বিজ্ঞাপন দিয়ে পাঁচটি বিয়ে করেছেন জাহিদ। প্রকৃত নাম হাফিজুর রহমান জাহিদ হলেও নিজেকে শরিফুল নামে পরিচয় দিতেন তিনি। সঙ্গে থাকা টয়োটা গাড়িটি জাহিদ ভাড়া নিয়ে চালাতেন বলে জানান সাইফ। মেজর সাইফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহিদের পাঁচ স্ত্রীর মধ্যে তিন জন র‌্যাবের কার্যালয়ে এসেছিলেন। প্রথম স্ত্রী তার চরিত্রহীনতার স্বভাব বুঝতে পারলেও ছেলে-মেয়ের কথা চিন্তা করে সব কিছু সহ্য করেছেন। দ্বিতীয় স্ত্রী বিষয়টি জানতে পেরে বিয়ের কিছুদিন পরই জাহিদকে তালাক দেন।" র‌্যাব কার্যালয়ে আসা স্ত্রীদের এক জন বলেছেন, তিনি জাহিদের প্রতারণার বিষয়ে কিছুই জানতেন না। "প্রতারণা করে অর্থ সংগ্রহ এবং সুন্দরী নারীদের সঙ্গে সম্পর্ক করাই জাহিদের পেশা," বলেন র‌্যাব কর্মকর্তা সাইফ। জাহিদের প্রতারণার শিকার মাহমুদুর খান নামের এক তরুণ র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তাকে বিদেশে স্কলারশিপ দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন জাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এমআই/২১০৪ ঘ.