চাঁদপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের কারণে মৃত্যুর অভিযোগে চাঁদপুর সদর উপজেলায় জাহানারা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ ৩৩ দিন পর কবর থেকে তোলা হয়েছে।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাখুয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে জাহানারার লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১৫ অক্টোবর জাহানারা মারা যান। ওই দিনই তার লাশ দাফন করা হয়। কিন্তু তার ভাই আদালতে অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে জাহানারার মৃত্যু হয়েছে। এ কারণে আদালত লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।
জাহানারার ভাই রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০০১ সালে জাহানারার সঙ্গে হান্নান ঢালী নামে এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে পাওয়া দুই লাখ টাকায় হান্নান সৌদি আরবে যান। এদিকে জাহানারার শ্বশুরবাড়ির লোকজন আরো এক লাখ টাকা যৌতুক দাবি করে। এই টাকা না পেয়েই জাহানারাকে নির্যাতন করে হত্যা করা হয়।
রফিকের অভিযোগ, জাহানারাকে হত্যা করার পর শ্বশুরবাড়ির লোকজন প্রচার করে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে।
জাহানারার বাপের বাড়ি উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামে। তার দুটি সন্তান রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মামুন খন্দকার বলেন, গত ১০ নভেম্বর রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁদপুরের বিচারিক হাকিমের আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এতে ছয় জনকে আসামি করা হয়।
আদালত মামলা গ্রহণ করে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয়।
মামলার আসামিরা হলেন- জাহানারার স্বামী হান্নান ঢালী, শ্বশুর মুনাফ ঢালী, শ্বাশুড়ি সুফিয়া বেগম, ভাসুর সিরাজ ঢালী, ননদের স্বামী শহীদ পাটওয়ারী ও তার ছেলে ইমরান পাটওয়ারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৪১ ঘ.
bdnews24