২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবকের ফাঁসি

ঝিনাইদহে ধর্ষণ করে প্রাথমিক স্কুলছাত্রীকে হত্যার দায়ে দুই যুবকের ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে ধর্ষণ করে প্রাথমিক স্কুলছাত্রীকে হত্যার দায়ে দুই যুবকের ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক একেএম আব্দুল মান্নান খান রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মহেশপুর উপজেলার কুড়িপোল গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আরিফ হোসেন। মামলার নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ২৬ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মহেশপুর উপজেলার কুড়িপোল গ্রামের আল্পনা খাতুনকে অপহরণ করে ধর্ষণ করে ওই দুই যুবক। পরে চোখ উপড়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ২৭ জুন পাটক্ষেত থেকে পুলিশ আল্পনা খাতুনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় আল্পনার বাবা তোরাব আলী মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে সাইফুল ও আরিফকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশিদ ও আসামি পক্ষে ছিলেন আ.ম আনোয়ার উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫০৭ ঘ.