ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) মাধ্যমে চিকিৎসকদের পদোন্নতির ক্ষেত্রে 'গুরুতর' অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন এই দাবি জানান।
তিনি বলেন, "ডিপিসির ৭ শতাধিক চিকিৎসকের পদোন্নতিতে গুরুতর অনিয়ম হয়েছে। এতে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তরা একটি বিশেষ সংগঠনের সদস্য অথবা তাদের আত্বীয়স্বজন। এটা গ্রহণযোগ্য নয়।"
"এই পদোন্নতি বাতিল করে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে," যোগ করেন তিনি।
গত ৩১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সরকারি চিকিৎসকদের পদোন্নতির তালিকা প্রকাশ করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ড্যাব মহাসচিব বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে তদন্ত করে এই পদোন্নতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ জেড এম জাহিদ অভিযোগ করেন, "ডিপিসির এই পদোন্নতির বিবরণীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষরিত সার-সংক্ষেপের ১৫৬টি নামের মিল নেই। আমরা জানতে পেরেছি, তালিকাটি মন্ত্রীর বাসায় নিয়ে রাতের আঁধারে ১৫৬ জনের নাম পাল্টে নতুন নাম যুক্ত করা হয়েছে।''
এই ড্যাব নেতা বলেন, পোস্ট গ্রেজুয়েশন পরীক্ষায় পাস করার আগেই পদোন্নতির নজির তৈরি করেছে বর্তমান সরকার। ক্ষমতাসীন দলের কর্মীদের গ্রামাঞ্চলে হেলথ প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে কোনো প্রশিক্ষণ না থাকার পরও।
সরকারের এসব কর্মকাণ্ডে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলেও অভিযোগ করেন জাহিদ।
স্বাস্থ্যখাতে সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, "সরকারি হাসপাতালগুলোতে জনসাধারণ স্বল্প ব্যয়ে চিকিৎসা সুবিধা পাচ্ছে না। চিকিৎসক নিয়োগ ও পদোন্নতিতে দলীয়করণ চলছে। স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য বিরাজ করছে।"
এই পদোন্নতিতে সংক্ষুব্ধ চিকিৎসকরা আদালতে প্রতিকার চেয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক দাবি করেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকলে চিকিৎসকদের চাকুরিচ্যুত কিংবা এখনকার মতো দলীয়করণ করেনি।
অন্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি রফিকুল কবীর লাবু, আবদুল কুদ্দুস, কোষাধ্যক্ষ মোস্তাক রহীম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১৫ ঘ.
bdnews24