২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকায় বাংলাদেশিদের সমস্যা লাঘবের উদ্যোগ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে চার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 07:04 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে চার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয় হলো- পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়। দক্ষিণ আফ্রিকা ঘুরে এসে ১০ নভেম্বর মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে এই চার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। সচিব জাফর আহমেদ খান বলেন, "দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে। শ্রমিকরা যাতে নির্বিঘেœ থাকতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে।" এ জন্য হাইকমিশনকে শক্তিশালী করা এবং বাংলাদেশে দেশটির হাইকমিশন খোলার বিষয়টি জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। "কূটনৈতিক তৎপরতা শুরু করা হয়েছে।" মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বর্তমানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। প্রবাসীরা সেখানে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করলেও রেমিটেন্স পাঠানোর কোন বৈধ পথ (চ্যানেল) না থাকায় হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হচ্ছে। বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা পেতে হয়রানি, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়ার কথাও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রিটোরিয়া থেকে বাংলাদেশি কম্যুনিটির নেতা সাইফুল কবির টেলিফোনে জানান, ২৯ অক্টোবর জাফর আহমেদ খান তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রবাসীদের সমস্যা সমাধানে সচিব তাদের আশ্বাস দিয়েছেন। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ তারা দেখতে চান বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৩০৪ ঘ.