ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি খাতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা এবং এদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য তিন দিনের সফরে ঢাকা এসেছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটাার স্টিফেন ও' ব্রায়েন।
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক আন্ডার-সেক্রেটারি ও' ব্রায়েন বুধবার ঢাকা পৌঁছান। এটি বাংলাদেশে তার প্রথম সফর।
সফরে তিনি প্রজনন, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবায় বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা করবেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমলা, উন্নয়ন অংশীদার এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ও' ব্রায়েন।
একক রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যই বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দেয়। আগামী চার বছর বাংলাদেশকে সহায়তা প্রদানে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাজ্য।
তাদের এ লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে, ৫০ লাখ বাংলাদেশিকে অতি দরিদ্র অবস্থা থেকে বের করে আনা, দক্ষ প্রসূতি সেবিকার উপস্থিতিতে ১২ লাখ নারীর নিরাপদ সন্তান জন্মদান, ১৫ লাখ ছেলে-মেয়ের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা এবং ১২ লাখ মানুষের নিরাপদ পানির ব্যবস্থা করা।
ও' ব্রায়েন এ সফরে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবার উন্নয়নমূলক কয়েকটি প্রকল্প এবং রংপুরের প্রত্যন্ত অঞ্চলে ও ঢাকার বস্তিতে দরিদ্রদের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করবেন।
এছাড়া যুক্তরাজ্যের সহায়তা নিয়ে অবস্থার পরিবর্তন হয়েছে এমন পরিবারের সদস্যদের এবং এসিড সন্তাসের শিকারদের সঙ্গে দেখা করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩২৩ ঘ.
bdnews24