২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন শেষ, ৬ জামায়াত নেতাকর্মী জেলে

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলমসহ দলটির ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলমসহ দলটির ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সাতক্ষীরা বিচার বিভাগীয় হাকিম তরুণ বাছাড়ের আদালতে আসামিদের জামিনের আবেদন করলে তা নাকচ হয়ে যায়। অপর পাঁচ আসামি হলেন দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির অলিউর রহমান, দেবহাটা থানা আমির আসাদুজ্জামান মুকুল, থানা সহকারি সেক্রেটারি ইয়াকুব আলী, জামায়াতকর্মী জিয়াউর রহমান ও নজরুল ইসলাম। মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৩ অগাস্ট রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং অরাজকতায় সহযোগিতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তৎকালীন দেবহাটা পুলিশ পরিদর্শক আব্দুল বারী তাদের বিরুদ্ধে একটি মামলা (জি আর ১৬৮/১০) দায়ের করেন। এতদিন আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আবার জামিন নেওয়ার জন্য তারা আদালতে হাজির হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের মামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আমির সেলিম রেজাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে গোপালপুর বাজার থেকে তাকে আটক করা হয়। বুধবার বিকালে সিরাজগঞ্জ আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে গোপীনাথপুর গ্রামের সুধীর সরকারের বাড়ির মন্দিরে সার্বজনীন দুর্গাপূজার জন্য নির্মিত ৫টি প্রতিমা ভাংচুর হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এর আগে জামায়াত নেতা ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রফিকুল্লাহ ও সোহরাব আলীসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে সেলিম রেজা পলাতক ছিলেন, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৬ ঘ.