২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিয়ান ল্যান্ডসকে ৫০ লাখ টাকা জরিমানা

এলাকাবাসীকে ভয় দেখিয়ে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেডকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকাবাসীকে ভয় দেখিয়ে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেডকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হাজী ক্যাম্প সংলগ্ন দক্ষিণ খান থানার আশকোণা ও কাওলা এলাকায় প্রতিষ্ঠানটির আশিয়ান সিটি প্রকল্পে পরিবেশ অধিদপ্তর বুধবার অভিযান চালিয়ে এ জরিমানা করে। র‌্যাব-১ ও র‌্যাব- ২ এর একটি দল অভিযানে সহায়তা করে। অভিযানে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেডের আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ভূইয়াকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভূমি ভরাট ও দখলের জন্য ব্যবহৃত আটটি বুলডোজার ও ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। আশিয়ান সিটি নামের এ প্রকল্পের আয়তন ২৩০ একর। প্রকল্পের অবৈধ কাজ বন্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। "অভিযানের সময় আশিয়ান সিটির পক্ষ থেকে কর্মকর্তারা প্রকল্পের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।" উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, "আশিয়ান সিটির কর্মকর্তারা ঘোষণা করেন, তারা জবরদখলকৃত জমির মূল্য দেবেন এবং সরকারের অনুমতি ছাড়া প্রকল্পের আর কোনো কাজ করবেন না।" "আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেড ওই এলাকায় নজিরবিহীন ত্রাস সৃষ্টির মাধ্যমে বুলডোজার দিয়ে ঘরবাড়ি, কবর ও গাছপালা ধ্বংস করে একটি বেআইনি আবাসন প্রকল্প গড়ে তুলছে।" বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে অধিদপ্তর। দক্ষিণ খানের হলান নামা পাড়া এলাকার আমেনা বেগম, শহর বানু, মাজেদা বেগম ও মোমেনা বেগম পরিবেশ অধিদপ্তরের অভিযান দলের কাছে তাদের জমি দখল হওয়ার অভিযোগ জানান। আশকোণা ও কাওলার স্থানীয় অধিবাসী, ভূমি মালিকরা মোহাম্মদ মুনীর চৌধুরীর কাছে আশিয়ান সিটির বিরুদ্ধে অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের অভিযোগও জানান। এছাড়া এক ব্যক্তির কবর বুলডোজার দিয়ে আংশিক ধ্বংস করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়। ৮০ বছরের বেশি বয়সী এক ব্যক্তি অধিদপ্তরের দলের কাছে অভিযোগ করেন, আশিয়ান সিটি তাদের দুইশ বছরের পারিবারিক করবস্থান আংশিক ধ্বংস করেছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কবরস্থানটি রক্ষায় তাৎক্ষণিকভাবে খুঁটি বসিয়ে আশিয়ান সিটিকে অবিলম্বে কবরটি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২২৬ ঘ.