২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার সঙ্গে দেখা করলেন দীপু মনি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তবে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস দাবি করেছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ভারতে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী দেশে ফেরার পথে বুধবার কলকাতায় প্রায় আধ ঘণ্টার এ বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করলেও পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। দীপু মনি ভারতের বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (আইওআর-এআরসি) ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দেন মঙ্গলবার। সেদিন পররাষ্ট্রমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সম্মেলন শেষে বুধবার ঢাকা ফেরার পথে কলকাতায় মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুধবার সচিব মিজারুল কায়েস বলেন, "আমার মন্ত্রী আইওআর-এআরসি বৈঠকে যোগ দিতে ভারত গিয়েছেন- এ বিষয়টিই আমি নিশ্চিত করতে পারি।" মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক নিয়ে দীপু মনির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি দাবি করে মিজারুল বলেন, "ভারত সফর সম্পর্কে তিনি [পররাষ্ট্রমন্ত্রী] নিজেই সংবাদ মাধ্যমকে জানাবেন।" মমতার সঙ্গে বুধবার দীপু মনি বৈঠকে বসছেন বলে পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজারও খবর প্রকাশ করে। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও মমতার আপত্তির কারণে তা শেষ পর্যন্ত হয়নি। ওই সফরে মনমোহনের সঙ্গে মমতা ঢাকায় আসার কথা থাকলেও তিনি আসেননি। এছাড়া অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন বিঘা করিডোর সফরের সময়ও তিনি সেখানে যাননি। দুর্বল কূটনীতি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আরো সমঝোতা প্রচেষ্টা বাড়ানোর বদলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে ঝুঁকে বাংলাদেশ দুর্বল কূটনৈতিক কৌশল অবলম্বন করছে- এমন অভিযোগ নাকচ করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, "আমি এর সঙ্গে একমত নই। আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আমিও ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০৫৭ ঘ.