নাটোর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলায় ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোরে শ্রীধরপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যু হয়।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকালে আনোয়ারা বেগমের সঙ্গে তার ছেলে মকলুকাতের কথা কাটাকাটি হয়। এ সময় আনোয়ারা বেগম ছেলেকে চড়থাপ্পড় দেন।
এই ঘটনার জেরে রাতে মকলুকাত লোহার রড দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বাড়ির সদস্যরা তাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বুধবার ভোরে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে লাশ নাটোরে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
আনোয়ারর স্বামী শুকুর আলী বলেন, "মকলুকাত বদমেজাজি ও সন্ত্রাসী প্রকৃতির। সে পূর্ব পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করেছে। আমি তার বিচার চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24