ঝালকাঠি, নভেম্বর ১৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় কৃত্রিম পা নিয়ে ঝালকাঠির আদালতে হাজিরা দিলেন র্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমন হোসেন।
তার আইনজীবী মানিক আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকালে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজিরা দিয়েছে লিমন। কৃত্রিম পা নিয়ে আদালতে এটাই লিমনের প্রথম হাজিরা।"
হাকিম নুসরাত জাহান আগামী ১৬ জানুয়ারি এ মামলার শুনানির পরবর্তী দিন রেখেছেন বলে জানান তিনি।
সরকারি কাজে বাধা দেওয়া এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে র্যাবের দায়ের করা এ দুটি মামলায় উচ্চ আদালতের জামিনে রয়েছেন লিমন।
আদালত প্রাঙ্গণে লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার হয়রানি থেকে আমি মুক্তি চাই।"
ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হন লিমন। পরে লিমনের বাম পা কেটে ফেলতে হয়।
র্যাবের দাবি, লিমন এক সন্ত্রাসীর সহযোগী। তবে লিমন ও তার পরিবার বলে আসছে, তাকে ধরে নিয়ে গুলি করা হয়েছে।
ওই ঘটনার পর র্যাব সরকারি কাজে বাধা দেওয়া এবং অস্ত্র আইনে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। অন্যদিকে লিমনের মা হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল র্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
এ নিয়ে গণমাধ্যমে র্যাবের ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে গত ৭ এপ্রিল স্বপ্রণোদিত এক আদেশে বিষয়টি তদন্ত করতে বলে সুপ্রিম কোর্ট। ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন লিমনকে দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও সে সময় ক্ষোভ প্রকাশ করেন।
লিমনের আগেও নিরীহ অনেককে গুলি করার অভিযোগ রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ বাহিনী র্যাবের বিরুদ্ধে।
র্যাবের ভূমিকা নিয়ে দেশে-বিদেশে মানবাধিকার সংগঠনগুলোও সমালোচনায় মুখর। তাদের অভিযোগ, র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬০৫ ঘ.
bdnews24