ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক ই-এশিয়া সম্মেলন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৩ ডিস্মেবর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিভিন্ন দেশের কমপক্ষে পাঁচশ' প্রতিনিধি যোগ দিবে বলে আশা করা হচ্ছে।
বুধবার 'পঞ্চম ই-এশিয়া' উপলক্ষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এবারের ই-এশিয়া সম্মেলনে ৩০টি দেশের ৯০ জন এবং বাংলাদেশের ৬০ জন বিশেষজ্ঞ অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি যোগ দেবেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এই আয়োজনে আইসিটি পণ্য ও সেবা প্রদর্শনী, ৩০টি সেমিনার এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপস্থাপনা তুলে ধরা হবে। শেষ দিনে ডিজিটাল উদ্যোগের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।
এ উপলক্ষে বিআইসিসিতে ভারত, চীন, মালয়েশিয়া, শ্রীলংকা, জাপান ও থাইল্যান্ডের ছয়টি প্যাভিলিয়ন এবং নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরডিক চেম্বার এবং অ্যানটিএফ-২-এর প্রজেক্ট স্টল থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
তথ্য ও প্রযুক্তি সচিব রফিকুল ইসলাম বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হলে দেশে অনেক দক্ষ কর্মী তৈরী হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হারুন অর রসিদ উপস্থিত ছিলেন।
এর আগে থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলংকায় ই-এশিয়ার চারটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এএল/১৬০২ ঘ.
bdnews24