ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যামামলার আরো এক আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হলো।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার আশরাফুল সরকার নরসিংদী শহর যুবলীগের সভাপতি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর আশরাফুলকে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ হত্যামামলার ১৪ আসামির মধ্যে আশরাফুল এক জন। এর আগে সেলিম নামে আরেক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কা নামে এক জনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুিলশ। তিনি মামলার আসামি না হলেও তার জড়িত থাকার কথা সেলিম স্বীকার করেছে বলে নরসিংদী সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মোল্লা ইতোপূর্বে জানিয়েছেন।
টিপন ও সেলিম দুজনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান গত ১ নভেম্বর মুখোশধারীদের গুলিতে নিহত হন।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর নরসিংদী সদর থানায় মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। মামলার ১৪ আসামির অধিকাংশই আওয়ামী লীগ নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন।
বাচ্চুসহ তিন আসামি সোমবার আগাম জামিন চেয়ে হাইকোর্টে গিয়ে বিফল হন।
তাদের গ্রেপ্তার না করার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সময়ের অভাবে ও কৌশলগত কারণে অনেক সময় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।
তবে পুলিশ এ হত্যার তদন্ত সঠিকভাবে এবং চাপমুক্ত হয়েই করছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে লোকমানের ভাই কামরুজ্জামান মন্ত্রী রাজুর অপসারণ চেয়ে বলেন, আসামির ভাই মন্ত্রীর দায়িত্বে থাকলে তার প্রভাবে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩২০ ঘ.
bdnews24