রংপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর রংপুর শহরে স্কুলছাত্র হিমেলকে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলো হিমেলদের বাসার ভাড়াটিয়া মারুফ হোসেন মানিক ও তার স্ত্রী রুনা আকতার বৃষ্টি।
মানিকের বাড়ি নওগাঁ জেলা শহরের বালুডাঙ্গা এলাকায়। তারা রংপুর শহরের খলিফাপাড়া মহল্লায় হিমেলদের বাড়িতে ভাড়া থাকতো।
মঙ্গলবার ভোরে নওগাঁর পারবোয়ালিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গত শুক্রবার শহরের খলিফাপাড়া মহল্লার আট বছরের শিশু হিমেলকে অপহরণ করা হয়। এর তিনদিন পর সোমবার সকালে বাড়ির পাশে হিমেলের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় হিমেলের বাবা ভোলা মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার বিকালে রংপুর পুলিশ সুপার সালেহ মো. তানভীর তার কার্যালয়ে সংবাদিকদের সামনে এই স্বামী-স্ত্রীকে হাজির করেন।
এ সময় মারুফ হোসেন মানিক সাংবাদিকদের জানায়, একই এলাকার মেয়ে রুনাকে প্রেম করে বিয়ে করায় তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে রুনার পরিবার।
এই মামলার টাকা যোগাড় করার জন্য তিনি এই অপহরণ করে বলে সাংবাদিকদের জানায়।
মানিক আরো জানায়, শুক্রবার সকালে হিমেলকে ডেকে এনে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের মধ্যে কাঠের বাক্সে লুকিয়ে রাখে। এরপর মোবাইল ফোনের নতুন সিম কিনে হিমেলের বাবার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে ওইরাতেই বাড়ির কাছে বালুর স্তূপে হিমেলের লাশ রেখে বালু দিয়ে ঢেকে রাখে। রোববার ভোরে তারা নওগা চলে যায়।
হিমেলের লাশ সরাতে তার স্ত্রী তাকে সহায়তা করেছে বলেও জানায় মারুফ।
পুলিশ সুপার সালেহ মো. তানভীর জানান, ডিবি পুলিশের একটি দল ফাঁদ পেতে তাদের গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24