ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু গৃহকর্মী রোমেলা খাতুনের নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেটওয়ার্কের সদস্য ও জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার।
২৫টি মানবাধিকার সংগঠন ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নিয়ে কাজ করে এই গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
শিশু গৃহশ্রমিক রোমেলার ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আব্দুল মতিন মাস্টার বলেন, "এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।"
গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি না হওয়ায় এর মাত্রা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
মতিন মাস্টার বলেন, "গত ১০ বছরে গৃহশ্রমিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৭৯৭টি। এর মধ্যে নির্যাতনে ৩৯৮ জন নিহত ও ২৯৯ জন আহত হয়েছে। আর নির্যাতনের শিকার হয়েছে ১০০ জন।"
সংবাদ সম্মেলনে নেটওয়ার্কের পক্ষ থেকে নয় দফা দাবি উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২১৪২ ঘ.
bdnews24