চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ দেখা করে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে চবি'র প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবদুল মান্নান এবং চবি'র বাংলা বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সৌরেণ বিশ্বাস।
পরে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এ সিদ্ধান্তে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।
এরই মধ্যে মাহাথির মোহাম্মদ ডিগ্রি গ্রহণে সায় দিয়েছেন বলেও জানান তিনি। "আগামী বছরের কোনো এক সময় এ সম্মাননা দেওয়া হবে। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।"
চবি উপাচার্য জানান, সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ক্যাম্পাসে প্রস্তাবিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/১৯২৫ ঘ.
bdnews24