২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের নির্মাণাধীন দেওয়াল ধসে ছাত্রের মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি স্কুলের নির্মণাধীন ভবনের দেওয়াল ধসে এক ছাত্র নিহত ও দুই জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় একটি স্কুলের নির্মণাধীন ভবনের দেওয়াল ধসে এক ছাত্র নিহত ও দুই জন আহত হয়েছে। খিলাগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়ায় ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতের জুবায়ের হোসেন ফাহিম (৯) স্কুলের প্রথম শ্রেণীতে পড়তো। তার বাবা মনিরুজ্জামান পুলিশের বিশেষ শাখার একজন উপপরিদর্শক। ওসি সিরাজ বলেন, "ছাত্ররা ক্লাশের ফাঁকে স্কুলের মাঠে খেলছিল। এ সময় কয়েকজন মিলে নির্মাণাধীন ওই ভবনের দেওয়ালের কাছে গিয়ে একটি ঝুলন্ত রশি ধরে টানাটানি শুরু করলে দেওয়ালটি তাদের ওপর ধসে পড়ে।" ঘটনার পরপরই ফাহিম, এইচ এম উল্লাস ও আশরাফুল ইসলাম নামের তিন ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ফাহিমকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, আহত দুই ছাত্রও ইনস্টিটিউটের প্রথম শ্রেণীতে পড়ে। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা গুরুতর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪০৯ ঘ.