ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে তার কাছে চিঠি পাঠিয়ে ব্রিটেনের তিন আইনজীবী সেদেশের বারের আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে ট্রাইব্যুনাল।
এ বিষয়টি লন্ডনের বার স্টান্ডার্ড বোর্ডের নজরে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিজেদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী দাবি করে ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে, টোবি ক্যাডম্যান ও জন ক্যামেগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কাছে একটি এক ইমেইল বার্তা পাঠান।
তাতে অবিলম্বে ট্রাইব্যুনাল প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য নিজামুল হককে অনুরোধ করা হয়।
কারাবন্দি জামায়াতে ইসলামির নেতা সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ২০টি অপরাধে অভিযোগ গঠন হয়েছে।
জামায়াতের মুখপাত্র দৈনিক সংগ্রাম গত ১০ নভেম্বর তিন ব্রিটিশ আইনজীবীর চিঠি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ৮ নভেম্বর ট্রাইব্যুনাল প্রধানকে ওই চিঠি পাঠানো হয়েছে।
সোমবার সকালে ট্রাইব্যুনালের বিচারপতিরা আসনে বসার পরপরই বিষয়টি আদালতের নজরে আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
ওই চিঠির বরাত দিয়ে সংগ্রামের প্রতিবেদনে বলা হয়, "ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে আপনার সরাসরি স¤পৃক্ততা এ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা হারিয়েছে।"
নব্বইয়ের দশকের প্রথমার্ধে ঘাতক দালাল নির্মূল কমিটির নামে একটি গণআদালতে যুদ্ধাপরাধের জন্য জামায়াতের সাবেক আমির গোলাম আযমে 'মৃত্যুদণ্ড' দেওয়া হয়। গণআদালতের তদন্ত কমিশনের একজন সদস্য ছিলেন নিজামুল হক।
প্রতিবেদনের শোল্ডারে বলা হয়, "ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে সরে যেতে বৃটেনের তিন আইনজীবীর চিঠি।"
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি এ কে এম জহির আহমেদ সোমবার আদেশটি পাঠ করে তার একটি অনুলিপি এবং চেয়ারম্যানকে পাঠানো ইমেইল ব্রিটেনের আইনমন্ত্রীর কাছে পাঠানোর নির্দেশ দেন।
তিনি বলেন, হাইকোর্টের একজন বিচারককে পাঠানো চিঠি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ফরোয়ার্ড করা 'ধৃষ্টতাপূর্ণ'।
বিচারপতি জহির আহমেদ বলেন, ওই তিন ব্যক্তির মূল উদ্দেশ্য ছিলো 'একটি স্বাধীন সার্বভৌম দেশের সুপ্রিম কোর্টের একজন বিচারককে অবমাননা করা'।
ওই তিন আইনজীবীর স্বাক্ষর করা চিঠির একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এসেছে। সেখানে কোনো ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন আইনের ধারা তুলে ধরা হয়।
ওই তিনি আইনজীবীর দেওয়া চিঠিতে বলা হয়, "ট্রাইব্যুনালের প্রসিকিউশন ইঙ্গিত দিয়েছে যে, গণতদন্ত কমিশন তদন্ত শেষে যে প্রতিবেদন ও তথ্যপ্রমাণ জমা দিয়েছিলো তার ওপর তারা নির্ভর করবে এবং তার সঙ্গে আপনার সরাসরি সম্পৃক্ততা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নস্যাৎ করেছে।"
চিঠির শেষে বলা হয়, "এসব কারণে আমরা বিনয়ের সঙ্গে আপনার প্রতি অনুরোধ করছি, আপনি অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/০০১৯ ঘ.
bdnews24