রাঙামাটি, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাউখালীতে ঢাকামুখী একটি বাস উল্টে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে পাঁচ জনের অবস্থা গুরুতর।
মগাছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, রোববার রাত ৯টার দিকে রাঙামাটি থেকে ইউনিক পরিবহনের ওই বাসটি ঢাকা যাচ্ছিলো। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার মগাছড়ি এলাকায় বাসটি বাঁক নেওয়ার সময় উল্টে যায়। এতে কমপক্ষে ৩০ যাত্রী আহত হন, যাদের ৪/৫ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর পর গাড়ির চালক এবং হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বাসটি রাস্তার উপর পড়ে থাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০৯০৩ ঘ.
bdnews24