ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক বাবাটুন্ডে ওসোতিমেহিন।
তিনি বলেছেন, সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ গত সাড়ে তিন দশকে অত্যন্ত ভালো করেছে।
রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাবাটুন্ডে সাংবাদিকদের বলেন, "৩৫ বছর আগে প্রতি নারীর ছয়টি সন্তান হতো। কিন্তু এখন নারীপ্রতি সন্তানের সংখ্যা কমে আড়াইজনে নেমে এসেছে। এটা বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।"
অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ার কথা উল্লেখ করে ইউএনএফপিএ'র কর্মকর্তা বলেন, "এটা ভালো লক্ষণ।" তিনি বলেন, "১৫ বছর আগে আমি এখানে প্রথম এসেছিলাম। তখন রাস্তায় কোনো নারীকে দেখিনি। কিন্তু এখন তারা সর্বক্ষেত্রে।"
অর্থনৈতিক উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ- এমন মন্তব্য করে বাবাটুন্ডে বলেন, এ খাতে যতো বিনিয়োগ হবে ততোই ভালো।
আগামী পাঁচ বছর বাংলাদেশে মাতৃমৃত্যু হার হ্রাস, পরিবার পরিকল্পনায় নতুন প্রাণ সঞ্চার, বাল্যবিবাহ রোধ ও পারিবারিক সহিংসতা বন্ধের মতো বিষয়ে ইউএনএফপিএ সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলেও জানান তিনি।
শিক্ষায় বিনিয়োগ
নারীরা যাতে অর্থনীতিতে আরো ভূমিকা রাখতে পারে সেজন্য যথাযথ শিক্ষায় সরকারের বিনিয়োগ বাড়ানো উচিত বলে মনে করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক।
তিনি বলেন, "প্রথাগত শিক্ষায় কাজ হবে না। সঠিক শিক্ষা প্রয়োজন, যার মাধ্যমে তারা (নারীরা) অর্থনীতিতে আরো ভূমিকা রাখতে পারে। এতে উভয়পক্ষের লাভ। একদিকে তারা শিক্ষা পাবে এবং অন্যদিকে তারা জিডিপিতে ভূমিকা রাখবে।"
বাল্য বিবাহ
বাল্যবিবাহকে বাংলাদেশে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে বাবাটুন্ডে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর তথ্য অনুযায়ী ১৫ বছর বা তার চেয়ে কম বয়সে বাংলাদেশে ৫০ শতাংশ মেয়ের বিয়ে হয়। এটা অনৈতিক হলেও ঘটছে এবং এটা বন্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে।
পরবর্তী সংগ্রাম
অর্থনৈতিক প্রবৃদ্ধির সমানুপাতে বৈষম্য বৃদ্ধি এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে নতুন কোনো পদ্ধতি অবলম্বনের বিষয়ে গুরুত্বারোপ করে নাইজেরিয়ার এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্পদের সুষম বণ্টন নিশ্চিতের মাধ্যমেই হবে পরবর্তী সংগ্রাম।
সম্পদে সবার সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘ কাজ করছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/২১৩৪ ঘ.
bdnews24